জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুরে রাত ৮টার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। সোমবার (৬ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় জেলার বিভিন্ন বাজার ও বিপণিবিতানে এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই শহরের প্রধান বাণিজ্যিক এলাকা, বিশেষ করে চকবাজার, বাঞ্চানগর, তমিজ মার্কেটসহ বিভিন্ন স্থানে দোকানপাট দ্রুত বন্ধ হতে শুরু করে। আগে যেখানে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা চলত, সেখানে এখন রাত ৮টার মধ্যেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, নতুন এই সময়সীমা মানতে তারা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানালেও এতে তাদের আয়-রোজগানে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে ছোট ও খুচরা ব্যবসায়ীরা বেশি ক্ষতির মুখে পড়ছেন। অনেকেই জানান, সন্ধ্যার পরই ক্রেতাদের চাপ বেশি থাকে, সেই সময় কমে যাওয়ায় বিক্রি কমে গেছে।
চকবাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। কিন্তু রাত ৭টার মধ্যে দোকান বন্ধ করলে বেচাকেনা অনেক কমে যাচ্ছে। অন্তত রাত ৯টা পর্যন্ত সময় দিলে ভালো হতো।’
অন্যদিকে, কিছু ক্রেতা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা শেষ করতে পারায় সময় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের চাপ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে সময়সীমা পুনর্বিবেচনা করা হতে পারে। এরই মধ্যে ব্যবসায়ী নেতারা সময় বাড়ানোর দাবিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।