৮ লাখ টাকা ও অস্ত্রসহ রামগতিতে তিনজন ডাকাত আটক

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ‘চিহ্নিত ডাকাত’ আজিম বেপারী এবং তার দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন— রামগতি উপজেলার বাসিন্দা আজিম বেপারী, মো. বশির এবং মো. রাব্বি।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে রামগতি উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজিম বেপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আজিম বেপারী একজন কুখ্যাত ডাকাত। তাকে আটক করার পর তার অবস্থানস্থলে অভিযান চালিয়ে অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এর আগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর অস্ত্রসহ আজিম বেপারীকে আটক করেছিল কোস্টগার্ড। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটক তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত