লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগতি উপজেলা ও পৌরসভার উদ্যোগে শুক্রবার (১ মে) সকালে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশে মিলিত হয়। এতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ. আর. হাফিজুল্লাহ। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা আমীর আবুল খায়ের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একরামুল হক, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা, উপজেলা সাধারণ সম্পাদক জাবের হোসাইন, উপজেলা সহ-সভাপতি রাকিব হোসেন, পৌরসভার সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং সম্মানজনক জীবন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শ্রমিকদের সংগঠিত হয়ে অধিকার আদায়ের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মহান মে দিবস শ্রমিকদের আত্মত্যাগ ও অধিকার আদায়ের ইতিহাস বহন করে। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট এলাকায় ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তঝরা ঘটনার মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়।
পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। এ প্রতিপাদ্যে শ্রমিকদের স্বাস্থ্য, দক্ষতা ও উৎপাদনশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।