লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার চর গাজী ইউনিয়নের লক্ষী গ্রাম থেকে অভিযুক্তদের ধরা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— একই গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ সজিব (২২), বাবুল সরদারের ছেলে মোঃ রাকিব (২৫) এবং কবির মাঝির ছেলে মনির উদ্দিন (২৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে এলাকার কয়েকজন যুবক মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ফেলে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ ধারায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”