রামগতিতে অবৈধ ডিজেল মজুদে জরিমানা ৫ হাজার

স্টাফ রিপোর্টার
রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ডিজেল মজুদের দায়ে জরিমানা। ছবি: সংগৃহীত
রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ডিজেল মজুদের দায়ে জরিমানা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে ৯০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে দ্বীন মোহাম্মদ নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদকৃত ডিজেল তাৎক্ষণিক বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন জানায়, চরআলগী ইউনিয়নে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুদ এবং সরকারি শর্ত লঙ্ঘন করে জ্বালানি তেল বিক্রির অপরাধে ‘পেট্রোলিয়াম আইন’ অনুযায়ী ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পেট্রল পাম্পগুলোতেও তদারকি চালানো হয়।

ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “অভিযানের সময় পাম্পে তেলের মজুদ স্বাভাবিক পাওয়া গেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত