লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর ভূঁইয়া বাড়ির সামনে একটি নারকেল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আকাশ হোসেন (২৪)। তিনি ফতেহপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় আকাশের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া না পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।