রামগঞ্জে ভাঙচুর মামলায় সাবেক এমপি আনোয়ার খাঁনসহ দেড় শতাধিকের বিরুদ্ধে মামলা, আটক ৫

স্টাফ রিপোর্টার
 ছবি: সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন।
ছবি: সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলাম কালার ছেলে রবিউল হাসান রাব্বি বাদী হয়ে মঙ্গলবার রাতে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে কামরান হোসেন রাজু (২৮), শেখ ফরিদ শাহীন (৩০), নাজমুল ইসলাম রাব্বী (৩০)সহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সন্ত্রাসবিরোধী আইন এবং হামলা-ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে জড়ো হয়ে তারা স্লোগান দেন এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সম্পর্কিত