লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মোস্তাফিজ ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বাবা রমজান মাসে মারা যাওয়ার পর তিনি বাড়িতে ফিরে আসেন এবং পরে আর কর্মস্থলে যাননি।
নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু জানান, ফজরের আজানের আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ফসলি জমিতে তার মরদেহ পড়ে আছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।