রামগঞ্জে ছাত্রলীগ কর্মী মিছিলের ঘটনায় আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

আটক নাজমুল ইসলাম মোহন উদয়পুর এলাকার আবুল হোসেন মাস্টারবাড়ির নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার কোনো আনুষ্ঠানিক পদবি না থাকলেও তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে রামগঞ্জ–চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল— “অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই”। ব্যানারের নিচে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নামও দেখা যায়।

মিছিল থেকে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয় বলে জানা যায়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে ১৫–২০ জনকে অংশ নিতে দেখা গেছে।

পরে এ ঘটনার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নাজমুল ইসলাম মোহনকে তার বাড়ি থেকে আটক করে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দের সময় বিস্তারিত জানানো হবে।”

সম্পর্কিত