রামগঞ্জে সিঁধ কেটে চুরি, স্বর্ণালঙ্কার উদ্ধারসহ দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বসতঘরে সিঁধ কেটে চুরির ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ২ জুলাই রাত ১১টা ৫০ মিনিট থেকে ৩ জুলাই সকাল ৭টার মধ্যে উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ইসমাইল হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব চণ্ডীপুর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন ওরফে মায়া মনির (৩২)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার কোথায় রাখা হয়েছে সে বিষয়ে তথ্য দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চিক, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের টানা, এক জোড়া কানের ঝুমকা, একটি স্বর্ণের ব্রেসলেট, চারটি স্বর্ণের আংটি, দুটি রুপার কানের রিং এবং একটি হাতঘড়িসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া মনির হোসেন ওরফে মায়া মনির একটি ডাকাতি প্রস্তুতি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। একই মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত