লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের দক্ষিণ চরপাতা ঠাকুরবাড়ি এলাকায় নতুন মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ঠাকুরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, এলাকায় আগে থেকেই একটি পুরোনো মন্দির রয়েছে। ওই মন্দিরের পাশেই নতুন একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, তাদের নিজস্ব মালিকানাধীন সম্পত্তির ওপর প্রতিপক্ষ নতুন মন্দির নির্মাণের উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে তা আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে সংশ্লিষ্ট জমি নিয়ে একটি মামলা লক্ষ্মীপুর আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।