লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারসংলগ্ন পুরোনো বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র রয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবুল হোসেন সর্দার পালিয়ে যান।
আবুল হোসেন সর্দার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পারিবারিক বিরোধের জেরে আবুল হোসেন সর্দারের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে আবুল হোসেন তার শ্যালককে নিয়ে নদীতে মাছ ধরতে গেলে খালেদা আক্তার পুলিশের কাছে ঘরে অস্ত্র থাকার তথ্য দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অভিযুক্ত আবুল হোসেন সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।