নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পৃথক স্থানে যৌথ অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১১।
রোববার (৫ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ কড়ইতলা গ্রামের মো. হারুন (৩৫), একই উপজেলার দিলসাতপুর গ্রামের মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং মো. বাবুল হোসেন (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বায়তুল আমান জামে মসজিদের সামনে ডিএনসি ও যৌথ বাহিনী ক্রেতা সেজে অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে ৩০০০ পিস ইয়াবাসহ হারুন ও সুমনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৯৮ পিস ইয়াবাসহ বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আগে গাড়িচালক হিসেবে কাজ করলেও পরবর্তীতে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় সরবরাহ শুরু করেন। বাবুল হোসেন অটোরিকশা চালকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় খুচরা মাদক বিক্রি করতেন।
অভিযানে মোট ৩৭৯৮ পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।