লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান হুইপ নিজান

স্টাফ রিপোর্টার
 ছবি: হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
ছবি: হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২৬তম ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন এবং জেলার উন্নয়নে আইনজীবীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

শনিবার (২৫ জুলাই) লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করেন তিনি।

বক্তব্যে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, একটি জেলার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষিত ও পেশাজীবী সমাজকে সঙ্গে নিয়ে কাজ করা যায়। আইনজীবীরা সমাজের বিবেক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, লক্ষ্মীপুরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে নিতে সরকারের পাশাপাশি স্থানীয় মেধাবী তরুণ ও পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতারা হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে লক্ষ্মীপুরের উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় নবীন আইনজীবীরাও পেশাগত জীবনে ন্যায়, সততা ও নীতির প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি এবং নবীন আইনজীবীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত