লক্ষ্মীপুরে চার দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় বকেয়া ও চলতি হোল্ডিং কর পরিশোধ করলে করদাতাদের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
সোমবার (২২ জুন) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা।
পৌরসভার সহকারী কর আদায়কারী (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলে করদাতারা ১০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, পৌর কর মেলা শুরু হয়েছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পৌরবাসীদের দ্রুত কর পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, মেলায় কর পরিশোধ করলে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, “আসুন, পৌর কর পরিশোধ করি এবং পৌরসভার উন্নয়নের অংশীদার হই।”
পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই কর মেলার মাধ্যমে কর আদায় বৃদ্ধি পাবে এবং পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।