লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে ভুয়া নারী আইনজীবী আটক

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে আটক ভুয়া নারী আইনজীবী। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে আটক ভুয়া নারী আইনজীবী। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ওয়াহিদা আক্তার শিল্পী নামে এক ভুয়া নারী আইনজীবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, আটক নারীর বাড়ি ঢাকায়।

প্রত্যক্ষদর্শী ও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক মক্কেলের সঙ্গে কথা বলছিলেন ওই নারী। এ সময় তিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে বিভিন্ন আইনি পরামর্শ দিচ্ছিলেন। তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে লক্ষ্মীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব তার পরিচয় সম্পর্কে জানতে চান।

পরিচয় জানতে চাইলে ওই নারীর কথাবার্তা ও আইনি তথ্যের মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। সন্তোষজনক উত্তর দিতে না পারায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অন্যান্য আইনজীবীরা তাকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই নারী একাধিক ভুয়া পরিচয়পত্র দেখান। পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি কোনো আইনজীবী নন এবং তার আইন পেশার সঙ্গে কোনো বৈধ সম্পর্ক নেই।

লক্ষ্মীপুর আদালতের কোর্ট পরিদর্শক এম. এ. জলিল বলেন, আটক নারী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

সম্পর্কিত