লক্ষ্মীপুর জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারি দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য পৌর শহরের নিকটবর্তী এলাকায় প্রায় ১৫০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শিগগিরই শুরু হবে।
তিনি বলেন, লক্ষ্মীপুরের উচ্চশিক্ষা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নির্ধারিত সময়ে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হলে জেলার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার আরও ভালো সুযোগ পাবেন।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, লক্ষ্মীপুর নার্সিং কলেজ ও মেডিকেল কলেজের কার্যক্রমও দ্রুত শুরু হবে। এসব প্রতিষ্ঠান চালু হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশিক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ চার লেন সড়কের কাজ বর্তমানে চলমান রয়েছে। এ সড়কের নির্মাণকাজ শেষ হলে জেলা শহরের সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
এ ছাড়া লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ হয়ে গৌরীপুর পর্যন্ত ৩৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে বলে জানান তিনি। সড়কটি নির্মাণ হলে লক্ষ্মীপুরসহ আশপাশের জেলার সঙ্গে যোগাযোগ ও পণ্য পরিবহন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, তার সঙ্গে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার যৌথ প্রচেষ্টায় জেলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প আনা হয়েছে। তবে সরকারি দপ্তরগুলোর আন্তরিকতা ও কার্যকর সহযোগিতা ছাড়া নির্ধারিত সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।
তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।