লক্ষ্মীপুরে অস্ত্র-মাদকসহ দুই কারবারি আটক

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার গঙ্গাপুর এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার গঙ্গাপুর এলাকার বাসিন্দা রঞ্জু এবং তার সহযোগী শাখাওয়াত। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাখাওয়াত ও রঞ্জু দীর্ঘদিন ধরে গঙ্গাপুর ও আশপাশের এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন। এলাকাবাসী একাধিকবার তাদের সতর্ক করলেও তারা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যান।

এ অবস্থায় শুক্রবার রাতে স্থানীয় যুবদল নেতা ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল তরুণ ও এলাকাবাসী রঞ্জুর বাড়ি ঘেরাও করেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে রঞ্জু ও শাখাওয়াতকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সদর থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে জনতার কাছ থেকে গ্রহণ করে থানায় নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতার মাধ্যমে অস্ত্র ও মাদকসহ দুই ব্যক্তিকে আটকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, আটক রঞ্জু ও শাখাওয়াত এলাকার তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত