লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিয়োগ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর প্রথম উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সোমবার (৮ জুন) সকালে প্রজ্ঞাপনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহল নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানায়। পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিও তাকে শুভেচ্ছা জানান।

ড. মোহাম্মদ হানিফ মুরাদ বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, ততদিন তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত