লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চলমান একটি সড়ক সংস্কার প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) দুপুরে সরেজমিন পরিদর্শন শেষে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এ নির্দেশ দেন। তিনি জানান, প্রকল্পে নির্ধারিত মানের খোয়া ব্যবহার না করে রাবিশ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের উপকরণ অপসারণ করে নির্ধারিত মান অনুযায়ী পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পৌরসভার মজুপুর মাওলানা রেহান উদ্দিন সড়ক ও চৌধুরী বাড়ি সংযোগ সড়কের সংস্কারকাজ চলছে। প্রায় ৭ কোটি ৩৪ লাখ টাকার এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস মোস্তফা অ্যান্ড সন্স। মাঠপর্যায়ে কাজ পরিচালনা করছেন ঠিকাদার ফিরোজ আলম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের সাব-বেইজে প্রয়োজনীয় পরিমাণ খোয়ার পরিবর্তে রাবিশ ও অতিরিক্ত বালু ব্যবহার করা হয়েছে। এছাড়া ১২ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও বিভিন্ন স্থানে সড়কের প্রস্থ ৯ থেকে ১০ ফুটে নেমে এসেছে। চৌধুরী বাড়ি সংযোগ সড়কে ড্রেন নির্মাণ না হওয়ায় ভবিষ্যতে জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানান তারা।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম, মাওলানা লোকমান, মমিনসহ কয়েকজন বলেন, রাস্তার দুই পাশের মাটি তুলে খোয়ার সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, শুরু থেকেই কার্যকর তদারকির অভাব থাকায় ঠিকাদার অনিয়মের সুযোগ পেয়েছেন। একই ঠিকাদারের বিরুদ্ধে ডিবি রোডের কাজ ও ড্রেন নির্মাণেও অনিয়মের অভিযোগ তোলেন তারা।

অভিযোগের বিষয়ে ঠিকাদার ফিরোজ আলম বলেন, কাজে কোনো অনিয়ম করা হয়নি। সাব-বেইজের উপকরণ সম্পর্কে তার বিস্তারিত জানা নেই। রাস্তা প্রশস্ত করতে যাদের দেয়াল রয়েছে, তারা ভাঙলে শ্রমিক দিয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তাই কাজ সাময়িকভাবে বন্ধ রেখে নিম্নমানের উপকরণ অপসারণ এবং প্রকৌশল নকশা ও নির্ধারিত মান অনুযায়ী পুনরায় নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত