লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করেছে লক্ষ্মীপুর পৌরসভা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক সম্রাট খিসা এ বাজেট উপস্থাপন করেন।

তিনি জানান, প্রস্তাবিত বাজেটে দুটি প্রধান খাত রাখা হয়েছে—রাজস্ব খাত ও উন্নয়ন খাত। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ২০ লাখ টাকা। এছাড়া স্থিতি ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। বাজেটে মোট আয় ও ব্যয় সমান রাখা হয়েছে।

পৌর প্রশাসক সম্রাট খিসা বলেন, নতুন অর্থবছরের বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাকা রাস্তা নির্মাণ, মশা নিধন কার্যক্রম, অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভাকে ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিছ আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনী, অধ্যাপক রফিকুল আহসান, অধ্যাপক সাইফুল ইসলাম তপন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সম্পর্কিত