লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিলসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা এবং আরও একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সোহেল রানাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় দুইজনের নামে মামলা করে।

তিনি জানান, আটক সোহেলের কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। জবানবন্দিতে তিনি এ ঘটনায় জড়িত হিসেবে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরিফ হোসেন সৌরভের নাম উল্লেখ করেছেন।

এদিকে সিল জব্দের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, আটক সোহেল জামায়াতের কর্মী এবং এই ঘটনার সঙ্গে দলটির সংশ্লিষ্টতা রয়েছে।

অন্যদিকে, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম পাল্টা সংবাদ সম্মেলনে বলেন, আটক সোহেল জামায়াতের কোনো কর্মী নন।

গ্রেফতার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানের মালিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

সম্পর্কিত