লক্ষ্মীপুর-এ ইটভাটা ও মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকি সাকোঁ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শনিবার দুপুরে মোবারক হোসেন জাবেদ নামে এক স্কুল শিক্ষার্থীকে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এ ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ জানালে ইটভাটার মালিক মোক্তার হোসেন বিপ্লবের উপস্থিতিতে তার ১০-১২ জন সহযোগী তাদের ওপর হামলা চালায়। এতে আবু তালেব, আলী আজ্জম ও ছটকি সাকোঁ জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিনসহ কয়েকজন আহত হন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাসার, জামে মসজিদের সহ-সভাপতি বেল্লাল হোসেন, সুমনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমড়িতোলা সড়কে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে ওই সড়ক দিয়ে ট্রাক্টর চালিয়ে রাস্তা নষ্ট করা হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
তারা বলেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি, বরং প্রতিবাদ করতে গেলে উল্টো হামলার শিকার হতে হয়েছে।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে অবৈধ ইটভাটা ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।