লক্ষ্মীপুর পৌর এলাকায় নারী দিয়ে প্রেমের ফাঁদ পেতে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ও তার আগের কয়েক দিনের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর এলাকার সোয়াইব হোসেন ওরফে শাওন (২০), বাঞ্চানগর এলাকার মো. শুভ (২৬), ইফতেহাসান সাকিব (২৫) এবং সমসেরাবাদ এলাকার মাধবী রানী মন্ডল ওরফে তৃষা (২০)। তারা সবাই বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চক্রটি গত ২৪ মার্চ সন্ধ্যায় পৌরসভার বাঞ্চানগর এলাকায় প্রথম ঘটনা ঘটায়। এরপর ২৬ মার্চ সকালে ল-ইয়ার্স কলোনির একটি বাসায় এবং সর্বশেষ ৫ এপ্রিল সকালে একই কৌশলে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা চালায়।
অভিযোগ রয়েছে, চক্রের নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো। পরে সেখানে তাদের আটকে রেখে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পান লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী। তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেন।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সুসংগঠিত চক্রের সদস্য বলে জানা গেছে। সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করাই ছিল তাদের মূল কাজ।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।