লক্ষ্মীপুর সদর উপজেলাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিজয় কুরী নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
নিখোঁজ বিজয় কুরী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মান্দারী বাজার শাখার সভাপতি এবং ‘সীমা শিল্পালয়ের’ স্বত্বাধিকারী। তিনি লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার দুপুরে মান্দারী বাজার এলাকায় বাজুসের জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে বিজয় কুরীকে উদ্ধার করার দাবি জানান সংগঠনটির জেলা সভাপতি সমীর কর্মকার। দাবির সমর্থনে মান্দারী বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
সমীর কর্মকার বলেন, “স্বর্ণ ব্যবসায়ী বিজয়কে অপহরণ করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আগামী ১২ ঘণ্টার মধ্যে বিজয়ের মুক্তি চাই।”
পরিবারের অভিযোগ, সোমবার রাতে মান্দারী বাজারের মালাকা বাড়ি এলাকা থেকে মারধরের পর একটি সিএনজি চালিত অটোরিকশায় করে প্রতিবেশী উজ্জ্বল চন্দ্র দাস ও গণেশ দাস বিজয় কুরীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিজয়ের ছেলে পিকলু কুরী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উজ্জ্বলদের সঙ্গে বিরোধ চলছিল। তাদের দাবি, সোমবার রাতে বিরোধীয় জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বিজয় কুরীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে অভিযুক্তদের পরিবারের দাবি, জমিটি তাদের কেনা এবং বিজয় কুরী নিজেই আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তারা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির কাছে গিয়েছিলেন। পরে হিন্দু সম্প্রদায়ের নেতারা ঈদের পর এ বিষয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিলেন।
এদিকে ঘটনার পর স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।