ক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের কেন্দুরভাগ এলাকায় গ্যাস সরবরাহ লাইনে লিকেজ দেখা দিয়েছে। এতে শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার পর থেকে লক্ষ্মীপুর জেলাজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে জেলার প্রায় পাঁচ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গৃহিণীদের অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে গ্যাস সরবরাহ লাইনের আওতাধীন তিনটি সিএনজি গ্যাস পাম্পেও সরবরাহ বন্ধ রয়েছে।
লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরভাগের পশ্চিম পাশে একটি সেতুর নিচে থাকা গ্যাসের পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, শনিবার (৮ আগস্ট) সকাল থেকে পাইপলাইন মেরামতের কাজ শুরু করা হচ্ছে। তবে পাইপলাইনটি পানির নিচে থাকায় মেরামতকাজে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে।
গ্যাস বিভাগের এই কর্মকর্তা বলেন, মেরামতকাজ শেষ হলে লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে এর আগে পর্যন্ত গ্রাহকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হবে।