ঈদের আগ থেকেই লক্ষ্মীপুরের বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।
তবে এই সংকটের মধ্যেও মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশন জেলাবাসীর চাহিদা পূরণে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ করে গেছে। কিন্তু শেষ পর্যন্ত ওই পাম্পেও পেট্রোল ও অকটেন শেষ হয়ে গেছে। বর্তমানে শুধু ডিজেল মজুদ রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস সরেজমিনে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেহমুনী এলাকায় অবস্থিত মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি পাম্পটির কাগজপত্র যাচাই-বাছাই করেন।
পরিদর্শনে গিয়ে তিনি জানতে পারেন, পেট্রোল ও অকটেনের তীব্র সংকট চলছে। তবে বিকেল ৫টার পর থেকে সীমিত আকারে অকটেন বিক্রির পরিকল্পনা রয়েছে পাম্প কর্তৃপক্ষের।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।