চার লেন প্রকল্পে গতি, ছয় লেনের ভাবনা মন্ত্রীর

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের বটতলীতে চার লেন সড়ক প্রকল্প পরিদর্শন। ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুরের বটতলীতে চার লেন সড়ক প্রকল্প পরিদর্শন। ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় চার লেন সড়ক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (১৮ এপ্রিল) সকালে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিভিন্ন দিক তুলে ধরেন।

সড়কটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন,

এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। এর ফলে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই চার লেন সড়ক। নানা জটিলতায় এতদিন কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এখন কাজ শুরু হওয়ায় দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন,

সড়কটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় এটিকে চার লেনের পরিবর্তে ছয় লেনে উন্নীত করা গেলে আরও কার্যকর হতো। ভবিষ্যতে এ বিষয়ে বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

প্রকল্পের কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৮ কিলোমিটার দীর্ঘ এবং ৬০ ফুট প্রস্থের এই চার লেন সড়ক নির্মাণে প্রায় ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ‘তাহের ব্রাদার্স’ ও ‘এম এইচ রহমান’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অন্যান্যরা।

সম্পর্কিত