লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৯ দোকান

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানগুলোর মালামালসহ প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।

স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজ চলাকালে কামারহাট বাজারের আলিফ এন্টারপ্রাইজ নামের একটি গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। এতে পার্শ্ববর্তী দোকানগুলোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সম্পর্কিত