লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রামের নবনির্বাচিত ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের দামপাড়ায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজসেবা অফিসের সহকারী পরিচালক ও সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. হারুনুর রশীদ, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মহিবুল্লাহ, সমিতির আজীবন সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে সভাপতি মুজতবা কামাল এবং মহাসচিব রফিকুল হাসমী চৌধুরী আজমের নেতৃত্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রামে বসবাসরত লক্ষ্মীপুর জেলার মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কমিটির নেতারা। পাশাপাশি জেলার মানুষের পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।