লক্ষ্মীপুরে টাকা নেওয়ার ফাঁদে অটোরিকশাচালক খুন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে গভীর রাতে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং এক সন্তানের জনক।

পরিবারের সদস্যরা জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি মোবাইলফোনে কল করে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে তার মোবাইলফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

নিহতের স্ত্রী নার্গিস বেগম অভিযোগ করেন, টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার স্বামীকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত