সমাজে অপরাধ ও বিভিন্ন ধরনের বিরোধের সুযোগ নিয়ে প্রভাবশালীরা যেন ফায়দা তুলতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এতে অনেক সময় অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এমন ব্যবস্থা নিতে হবে, যাতে সরকার, দল বা প্রশাসনকে অপ্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং বিরোধ নিষ্পত্তিতে ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোটখাটো বিরোধ যেন বড় আকার ধারণ না করে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী (বিএডিসি) আব্দুল্লাহ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।