লক্ষ্মীপুরের কমলনগরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য ও সংসদীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার চর লরেঞ্চ মডেল উচ্চ বিদ্যালয়, হাজিরহাট মিল্লাত একাডেমি সরকারি উচ্চ বিদ্যালয়, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং তোরাবগঞ্জ আহমদীয়া দাখিল মাদ্রাসাসহ একাধিক কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে কলম, ফাইলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
চর লরেঞ্চ মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু বলেন, “ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই হুইপ মহোদয়ের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ।”
এছাড়া হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর আহমদ ভূঁইয়া, প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার এবং মাওলানা মোহাম্মদ মোহসিনসহ অন্যান্যরা।
শিক্ষা সামগ্রী বিতরণকালে ছাত্রদল নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।