লক্ষ্মীপুরের কমলনগরে সঠিক নিয়মে পশু জবাই, কোরবানির চামড়া সংরক্ষণ এবং সরকারিভাবে বিতরণ করা লবণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘স্পন্দন হলরুমে’ এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন কওমি ও নূরানি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, আলেম ও কোরবানির চামড়া সংগ্রহকারীরা অংশ নেন।
প্রশিক্ষণ শেষে উপজেলার ৪৯টি নূরানি মাদ্রাসার মধ্যে বিনামূল্যে ১৫ টন লবণ বিতরণ করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।
সভায় ইউএনও মো. রাহাত উজ-জামান বলেন, কোরবানির চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং কাঁচা চামড়া নষ্ট হওয়া রোধে নির্ধারিত নিয়ম অনুসরণ করা জরুরি।
তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও সচেতন থাকতে হবে, যাতে পরিবেশ দূষণ না ঘটে। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।