লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হাজিরহাট ও চরমার্টিন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার লিয়াকত আলীর ছেলে নিহার উদ্দিন ফরহাদ (৩৫), চরমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল গণি (৫৫) এবং একই এলাকার সোহেল (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানা পুলিশের দুটি দল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় নিহার উদ্দিন ফরহাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা এবং আবদুল গণি ও সোহেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”