কালবৈশাখীতে উত্তাল মেঘনা, বন্ধ নৌ চলাচল

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কালবৈশাখী ঝড়ের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। এতে দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান এবং ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে মঙ্গলবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকেও একই পরিস্থিতি বিরাজ করায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে, যার মাধ্যমে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়।

এদিকে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হলেও যাত্রীর অতিরিক্ত চাপের কারণে দুপুর সোয়া ১২টার দিকে ‘পারিজাত’ নামের একটি লঞ্চ মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশাঘাটের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। তবে ছোট লঞ্চ ও ছোট নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

লঞ্চঘাট সূত্র জানায়, ভোলা ও বরিশালগামী বিপুলসংখ্যক যাত্রী সকাল থেকেই ঘাটে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ায় একটি লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে কালবৈশাখী ঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরে থেমে থেমে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। বর্তমানে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং নদীতে প্রবল স্রোত ও ঢেউ বিরাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পর্কিত