লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপন

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুপেয় পানির ইলেকট্রনিক ফিল্টার স্থাপনের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের নেতারা। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুপেয় পানির ইলেকট্রনিক ফিল্টার স্থাপনের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের নেতারা। ছবি: দৈনিক নতুনচাঁদ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সুপেয় পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি ইলেকট্রনিক পানির ফিল্টার স্থাপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, পৌর জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহাম্মেদ, রাকিব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ফিল্টার স্থাপনের পর শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় বিশেষ করে গরমের সময়ে নিরাপদ পানি পান করা সহজ হবে। এ উদ্যোগ তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

শিক্ষকরাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমবে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত