হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশের শুনানি শেষ আদালতে

স্টাফ রিপোর্টার
 ছবি: আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী
ছবি: আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী

জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী-এর জামিন বাতিল সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২১ জুন আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মানবিক বিবেচনায় দেখিয়ে আসামিপক্ষ জামিন নিয়েছিল। তবে চিকিৎসা প্রতিবেদনে বলা হয়েছে, তার লিভার সিরোসিস থাকলেও অবস্থা এখনো গুরুতর নয় এবং কিডনিতে কোনো জটিলতা নেই। তাই পূর্বের দেওয়া জামিন আদেশ বাতিলের আবেদন জানানো হয়।

আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম জামিন বহাল রাখার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য ২১ জুন দিন নির্ধারণ করেন।

এর আগে গত ১১ মে জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। চলতি বছরের ৪ মে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চিকিৎসা প্রতিবেদন দাখিল করা হয়। চিকিৎসা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে চলমান আইনি প্রক্রিয়ায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর প্রতিবেদনে বলা হয়, আসামির রোগ থাকলেও তা বর্তমানে গুরুতর পর্যায়ে নয়।

সম্পর্কিত