জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল চেয়েছে প্রসিকিউশন।
সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৪ মে হুমায়ুন কবির পাটোয়ারীর স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ। একইসঙ্গে প্রসিকিউশনের পক্ষ থেকেও মামলার সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত কিছু নথি উপস্থাপন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল জামিন বাতিল আবেদনের শুনানির জন্য ১৭ মে দিন নির্ধারণ করেন।
বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী।
উল্লেখ্য, গত ২ মার্চ তার জামিন আবেদন নামঞ্জুর করা হলেও এর আগে ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছিল।