লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।
রোববার দিবাগত রাত ১২টার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রায় ১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক যুবক প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ছেন। এ সময় পেছন দিক থেকে এক নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির বারান্দার জানালার কাচ ভাঙচুর করতেও দেখা যায় তাকে। ভিডিওতে তাকে উচ্চস্বরে গালাগালি করতেও শোনা যায়।
তবে ঘটনার সময় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদার বাড়িতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস ছাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত সুমন মজুমদার তার আপন ছোট ভাই।
এ ঘটনায় বাড়িতে ভাঙচুর ও অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে আবদুস ছাত্তার মজুমদার ও সুমন মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।