৪১ বছর শেষে সাত্তারের রাজকীয় বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
 ছবি: মোহাম্মদ আবদুস সাত্তার
ছবি: মোহাম্মদ আবদুস সাত্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ আবদুস সাত্তারকে রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

দীর্ঘ ৪১ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে সহকর্মী, বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের ভালোবাসায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ। এতে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। চতুর্থ শ্রেণির কর্মচারী হলেও আবদুস সাত্তারের প্রতি সবার ভালোবাসা ছিল স্পষ্ট। তাকে ফুলের মালা পরিয়ে, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। পরে একটি প্রাইভেটকারে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

১৯৮৫ সালে চাকরিতে যোগ দেওয়া আবদুস সাত্তার ২০২৬ সালের ৩১ মার্চ শেষ কর্মদিবস পালন করেন। দীর্ঘ এই সময়ে দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে হয়ে ওঠেন প্রিয় একজন মানুষ।

বক্তারা বলেন, কাজের ক্ষেত্র বড় বা ছোট নয়—আন্তরিকতা থাকলে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আবদুস সাত্তার তার কর্মজীবনের মাধ্যমে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শিক্ষকরাও বলেন, ছাত্র-শিক্ষক নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। তার বিদায় অনুষ্ঠানই প্রমাণ করে, এই বিদ্যালয়ের প্রতি তিনি কতটা নিবেদিত ছিলেন।

সম্পর্কিত