রায়পুরে টিটি ইনজেকশনের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, কিশোরী অসুস্থ

স্টাফ রিপোর্টার
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে টিটেনাস (টিটি) ইনজেকশনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ইশরাত জাহান (১২) নামে এক কিশোরী অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ইশরাত জাহানকে টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হলে নেওয়া হয়। সেখানে কর্মচারী তপন (৫০) ভুলবশত টিটেনাসের পরিবর্তে ‘সোমাজেট’ নামে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিশোরীর বমি বমি ভাব শুরু হয়। পরে সে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

ইশরাত জাহানের বাবা সফিউদ্দীন নয়ন অভিযোগ করেন, মেয়েকে টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য চিকিৎসকের কাছে নেওয়া হলেও ভুলবশত জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দেওয়া হয়। এর ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে তার নাম ভাঙিয়ে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

তবে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রায়পুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন মিয়াজী। তিনি বলেন, তার সঙ্গে ব্যক্তিগত পাওনা টাকার বিষয়ে কথা হয়েছে। চিকিৎসকের কাছ থেকে কোনো টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি ভুয়া চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। ভুল চিকিৎসার কারণেই কিশোরী অসুস্থ হয়েছে। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত প্রদীপ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একসঙ্গে টিটেনাস ও সোমাজেট ইনজেকশন বের করা হয়েছিল। কর্মচারী ভুলবশত অন্য ইনজেকশন প্রয়োগ করেছেন। পরে বিষয়টি বাজার কমিটির মাধ্যমে সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা গাজীনগর বাজারে চিকিৎসাসেবা ও ওষুধ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগ্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত