পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।
শনিবার (১৬ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১ হাজার ২৫০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
এ্যানী বলেন,
“আগে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছায় জিয়ার খাল, মুসার খাল খনন কর্মসূচি পরিচালনা করেছি। খাল খননের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা ছিল তার পরিকল্পনার অংশ। এক খালের সঙ্গে আরেক খালের সংযোগ এবং খালের সঙ্গে নদীর সংযোগ স্থাপনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণও তার কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল।”
তিনি আরও বলেন, দেশের কৃষি, সেচব্যবস্থা ও পরিবেশ রক্ষায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকারও জলাবদ্ধতা নিরসন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রায়পুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং রামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।