চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লক্ষ্মীপুর বাদুড়তলা গ্রামের মো. ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম, তাঁর নাতনি লক্ষ্মীপুর হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে মোসা. মীম খাতুন (১৩) এবং তাঁর ভাতিজি রাজশাহীর তানোর উপজেলার কচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে মোসা. আশা খাতুন (৩০)।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে ওঠার জন্য উঠানে রাখা লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। বৈদ্যুতিক ত্রুটির কারণে সিঁড়িটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তাঁর নাতনি মীম খাতুন ও ভাতিজি আশা খাতুন। কিন্তু তারাও বিদ্যুতায়িত সিঁড়ির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, ঘটনার সময় হাসিনা বেগমের ছেলে রিফাত ঘরের ভেতরে ঘুমিয়ে থাকায় তিনি অক্ষত থাকেন। অন্যদিকে কৃষিকাজের উদ্দেশ্যে খুব ভোরেই মাঠে চলে যাওয়ায় প্রাণে বেঁচে যান তাঁর স্বামী ভিকু মণ্ডল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত