বীমার দাবিকৃত অর্থ পরিশোধ না করার অভিযোগে লক্ষ্মীপুরে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইস্রাফিল।
মামলার বিবাদীরা হলেন- বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মুন্সী মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান সুমন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামছুল ইসলাম, লক্ষ্মীপুর কার্যালয়ের ম্যানেজার জাকির হোসেন, ইনচার্জ রিয়াজ হোসেন, হিসাবরক্ষক আয়াত উল্যা এবং প্রতিষ্ঠানটির জকসিন বাজার কার্যালয়ের ইনচার্জ তৈয়ব রহমানসহ মোট আট কর্মকর্তা।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইস্রাফিল বলেন, বীমা পলিসির নামে প্রতারণার অভিযোগ এনে আদালতে এজাহার দাখিল করা হয়েছে। আদালত এজাহারটি গ্রহণ করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদী মো. শাহজাহান অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তার ছয় লাখ টাকার বীমা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে শাহজাহানের স্ত্রী পারভীন আক্তারের নামে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ১০ বছর মেয়াদি ছয় লাখ টাকার একটি স্বাস্থ্য বীমা পলিসি করা হয়। পলিসির মেয়াদকালে দুর্ঘটনা বা মৃত্যু হলে পুরো অর্থ পরিশোধ করা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশ্বাস দেন। সে অনুযায়ী শাহজাহান ২৬ মাস ধরে নিয়মিত কিস্তি পরিশোধ করেন।
এজাহারে আরও বলা হয়, ২৬টি কিস্তি পরিশোধের পর পারভীন আক্তার স্ট্রোকে মারা গেলে তার স্বামী বীমার মৃত্যু দাবির আবেদন করেন। প্রথমে অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে নানা অজুহাতে দাবি নিষ্পত্তি না করে হয়রানি করা হয়। একপর্যায়ে জানিয়ে দেওয়া হয়, প্রধান কার্যালয় থেকে দাবি অনুমোদন হবে না।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লক্ষ্মীপুর কার্যালয়ের ডেপুটি প্রজেক্ট হেড মো. জিলকদ হোসেন রিয়াজ বলেন, পলিসি গ্রহণের সময় পারভীন আক্তারের পূর্বের অসুস্থতার তথ্য গোপন করা হয়েছিল। তিনি দীর্ঘদিন হাঁপানিতে ভুগছিলেন এবং ওই রোগেই মারা গেছেন বলে দাবি করেন তিনি। তবে মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক উল্লেখ করে বীমা দাবি করা হয়। তথ্য গোপনের কারণে দাবি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।