অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে লক্ষ্মীপুরসহ সারাদেশে ভোজ্যতেল বাজার থেকে উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ভোজ্যতেলের বাজারে চলমান সংকট ও মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তারা সরকারের নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, বাজারে সক্রিয় সিন্ডিকেট চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা এবং ভোজ্যতেলের ক্ষেত্রে ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্যাব জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তপন, সাধারণ সম্পাদক পারভিন হালিম, সহসভাপতি গাজী গিয়াস উদ্দিন, প্রফেসর মাহবুব রশিদ চৌধুরী, আওলাদ হোসেন চৌধুরী, মোশারফ হোসেন ও অ্যাডভোকেট প্রিয় নাল নাথ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বক্তারা বলেন, ভোজ্যতেল সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। তাই দ্রুত বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।