লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। আটক এমরান গাজির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাত।