লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সোহেল

সবুজ সাহা
 ছবি: দৈনিক নতুনচাঁদ
ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ প্রতীক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, দলের বৃহত্তর স্বার্থ এবং আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি আশরাফ উদ্দিন নিজানের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার ঘোষণা দেন।

উল্লেখ্য, শরাফ উদ্দিন আজাদ সোহেল রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আনুষ্ঠানিকভাবে আশরাফ উদ্দিন নিজান ও শরাফ উদ্দিন আজাদ সোহেলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এবং লক্ষ্মীপুর-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী আনম মঞ্জুর মোর্শেদ।

এছাড়া রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত