লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে ডাকাতি মামলার হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: লক্ষ্মীপুর জেলা কারাগার
ছবি: লক্ষ্মীপুর জেলা কারাগার

লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আবুল বাশার (৫০) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে কারাগারের ভেতরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৬ জানুয়ারি আবুল বাশার কারাগারে আসেন। এর আগেও তিনি একাধিক মামলায় বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে ভুগছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

কারা সূত্রে জানা যায়, বুধবার সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে ফেরার সময় আবুল বাশার হঠাৎ অসুস্থ হয়ে বসে পড়েন। বিষয়টি বুঝতে পেরে অন্য বন্দিরা তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, গত ৮ জানুয়ারি রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় একটি মামলা হয়। ওই ঘটনায় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গত ১৬ জানুয়ারি আবুল বাশারসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সম্পর্কিত