লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয়রা ঝাড়ুমিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে বিক্ষুব্ধ স্থানীয়রা ঝাড়ু হাতে ধরে সড়কে নেমে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
আন্দোলনের ফলে ঢাকা-লক্ষ্মীপুর ও লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ নিশ্চিত করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক সংস্কারের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে, যা যানবাহন চলাচলের জন্য বিপজ্জনক। তারা দ্রুত সড়কটি পুনঃসংস্কারের দাবি জানিয়েছে।
আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, “সড়ক সংস্কারের নামে প্রকাশ্য লুটপাট হয়েছে। নিম্নমানের কাজের কারণে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পুনঃসংস্কারের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, “আমরা সড়কের কাজের বিষয়ে অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে আজকের আন্দোলনের বিষয়ে আমরা আগে অবগত ছিলাম না।”